Headlines

ডুম্বুর জলপ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের উঠল প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি | করবুক | ২৭ জুলাইগোমতী জেলার করবুক মহকুমার নিউ গোমতী এডিসি ভিলেজের তীর্থমুখে অবস্থিত ডুম্বুর জলপ্রপাতে ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম ডোনাল চাকমা, বাড়ি রাঙ্গাছড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পর্যটনকেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ডুম্বুর জলপ্রপাত এলাকায় দুর্ঘটনাবশত পানিতে তলিয়ে যান ডোনাল চাকমা। খবর পেয়ে যতনবাড়ি অগ্নিনির্বাপক দপ্তরের উদ্ধারকারী দল এবং নতুনবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর জলপ্রপাত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নতুনবাজার গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তীর্থমুখের ডুম্বুর জলপ্রপাত দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। অতীতেও এখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যাপ্ত সতর্কীকরণ বোর্ড, নিরাপত্তা ব্যারিকেড, লাইফগার্ড কিংবা স্থায়ী উদ্ধার ব্যবস্থার অভাব রয়েছে বলে দাবি তাঁদের।মৃতের পরিবারের সদস্যরাও অভিযোগ করেছেন, আগের দুর্ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে প্রশাসন কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে হয়তো এই মর্মান্তিক মৃত্যু এড়ানো সম্ভব হতো। তাঁরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে—ডুম্বুর জলপ্রপাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেবে? ভবিষ্যতে যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *