Headlines

জুবেদা খাতুনের রহস্যমৃত্যুতে ফের উত্তাল কৈলাশহর, এসএফআইয়ের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি | কৈলাশহর | ২৭ জুলাইস্কুলছাত্রী জুবেদা খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠল কৈলাশহরের উত্তরাঞ্চল। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বাবুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-এর কৈলাশহর মহকুমা কমিটি।সকাল সাড়ে ১০টা নাগাদ সংগঠনের উদ্যোগে শুরু হওয়া কর্মসূচিতে এসএফআই কর্মীদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিলটি বাবুর বাজার এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে। পরে আন্দোলনকারীরা মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ গড়ে তোলেন। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের দাবি, জুবেদা খাতুনের মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উন্মোচন করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাঁদের অভিযোগ, ঘটনাটি নিয়ে এখনও জনমনে একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। তাই নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে সত্য সামনে আনার দাবি জানান তাঁরা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই কৈলাশহর মহকুমা সভাপতি শাহাবুদ্দিন, রাজ্য কমিটির সদস্য আব্দুল সামিম, ছাত্রনেতা প্রীতম দত্ত, সাগরদ্বীপ মালাকার, রূপাঙ্গন বাজপাই-সহ অন্যান্য নেতৃত্ব।বিক্ষোভ শেষে এসএফআই নেতৃত্ব জানিয়ে দেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *