আগরতলা, ২৮ জুলাই: চাকরি নিয়মিতকরণসহ ৮ দফা দাবিতে ফের সরব হলেন অনিয়মিত কর্মচারীরা। আগামী দিনের কর্মসূচি নিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবি ও আন্দোলনের পরিকল্পনা তুলে ধরেন তারা।সংবাদ সম্মেলনে কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়মিতভাবে কাজ করে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।তাদের দাবি, কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষা, নিয়মিতকরণ, বেতন কাঠামোর উন্নতি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলি দ্রুত পূরণের জন্য সরকারের কাছে আবেদন জানান তারা।আন্দোলনকারীরা জানান, ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
নিয়মিতকরণের দাবিতে সরব অনিয়মিত কর্মচারীরা, ৮ দফা দাবি নিয়ে ঘোষণা আগামী কর্মসূচির
