নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর রামনগর এলাকায় যুব মিছিল সংগঠিত করল ডিওয়াইএফআই রামনগর লোকাল কমিটি। বুধবার সকালে কের চৌহমনী থেকে শুরু হওয়া এই মিছিল রামনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় কের চৌহমনীতে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ্য করা যায়।ডিওয়াইএফআই-এর দাবি, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি, গণতান্ত্রিক পরিবেশের সংকট, যুবসমাজের মধ্যে নেশার বিস্তার, বেকারত্ব, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা এবং স্মার্ট সিটি প্রকল্পের নামে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে এসব ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই রামনগর অঞ্চলের সম্পাদক নীলোত্তম মজুমদার ও সভাপতি সুমন দেব। এছাড়াও উপস্থিত ছিলেন সদর বিভাগীয় সম্পাদক জয়দীপ রাউথ, সভাপতি প্রসেনজিৎ দেব, যুব নেতা শিবু সূত্রধর, জয়দীপ কর, দিলওয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলের শেষভাগে অংশ নেন বামপন্থী আন্দোলনের নেতা শুভাশিস গাঙ্গুলী, গৌতম চক্রবর্তী ও গৌড় কুমার ভট্টাচার্য।ডিওয়াইএফআই-এর এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তীব্র হয়েছে। সংগঠনের নেতাদের দাবি, আগামী দিনেও জনস্বার্থে বিভিন্ন ইস্যুতে আন্দোলন অব্যাহত থাকবে।
দীর্ঘ ৮ বছর পর রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন
