Headlines

সোনামুড়ায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের ১৩তম বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবির, মিলল উন্নত চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান–২০২৬-এর দ্বিতীয় পর্বের অংশ হিসেবে বুধবার সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডা. পার্থপ্রতিম দাস জানান, সিপাহীজলা জেলার প্রতিটি ব্লকে এই কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। বুধবারের শিবিরটি ছিল জেলার ১৩তম বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবির।তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, বিভিন্ন রোগের দ্রুত শনাক্তকরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন ১০টি গ্রাম পঞ্চায়েত ও একটি নগর পঞ্চায়েত এলাকার বিপুল সংখ্যক মানুষ এই শিবিরে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।এদিন শিবির পরিদর্শন করেন সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) দেবাশিস সাহা এবং জেলা স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার দেববর্মা। তাঁরা স্বাস্থ্য পরিষেবার মান পর্যালোচনা করেন এবং সাধারণ মানুষের কাছে এই ধরনের স্বাস্থ্য উদ্যোগ আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *