নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন (ডিডব্লিউএস) অফিসের গেটের সামনে দুই ঠিকাদারের ওপর হামলার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে দুপুর প্রায় আড়াইটার সময়।জানা গেছে, বিশালগড়ের দুই ঠিকাদার অরবিন্দ সাহা ও বিশ্বজিৎ দেববর্মা একটি কাজের বিষয়ে আলোচনা করতে ডিডব্লিউএস-এর এসডিও সুবল দাসের ডাকে অফিসে যান। অভিযোগ, অফিস থেকে বের হওয়ার সময় ৬ থেকে ৭ জন যুবক তাদের দিকে তেড়ে এলে তারা প্রাণ বাঁচাতে আবার এসডিও-র কক্ষে আশ্রয় নেন।খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঠিকাদারকে নিরাপদে উদ্ধার করে। পরে পুলিশি নিরাপত্তায় তাদের বিশ্রামগঞ্জ থেকে সিপাহীজলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।এসডিও সুবল দাস জানান, তিনি সরকারি কাজের বিষয়ে দুই ঠিকাদারকে অফিসে ডেকেছিলেন। বৈঠক শেষে বের হওয়ার পর তাদের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে তিনি জানতে পারেন। এরপরই তিনি পুলিশকে খবর দেন।অন্যদিকে, দুই ঠিকাদার সংবাদমাধ্যমকে জানান, হামলাকারীদের তারা চেনেন না এবং কী কারণে তাদের লক্ষ্য করে এই হামলার চেষ্টা হয়েছে, তা তাদের জানা নেই। ঘটনার পেছনে ডিডব্লিউএস-এর কাজ সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ডিডব্লিউএস অফিসের গেটে দুই ঠিকাদারের ওপর হামলার চেষ্টা, পুলিশি নিরাপত্তায় উদ্ধার বিশ্রামগঞ্জে
