নিজস্ব প্রতিনিধি: জনগণের বিভিন্ন সমস্যা, দুর্নীতির অভিযোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিকে সামনে রেখে বুধবার কুমারঘাটে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশের আয়োজন করে কৈলাসহর জেলা তপশিলি (SC) ও ওবিসি (OBC) কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন।এদিন পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে কুমারঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পাবিয়াছড়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত জনসভায় রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন কংগ্রেস নেতারা।বক্তারা ত্রিপুরা পুলিশের প্রাক্তন ডিজিপি অনুরাগ ধানখড়ের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান। পাশাপাশি, চাকরি ও শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, NEET-সহ বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত অভিযোগ, পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থা, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার নানা সমস্যা তুলে ধরে রাজ্য সরকারের সমালোচনা করেন।জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এছাড়াও বক্তব্য রাখেন তপশিলি কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, ওবিসি কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সত্যবান দাস, সাধারণ সম্পাদক তরুণ সাহা, জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী এবং মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ।সমাবেশে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থরক্ষায় এবং বিভিন্ন জনসমস্যার সমাধানে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করা হবে। কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে গণআন্দোলনকে শক্তিশালী করার আহ্বানও জানানো হয়।
কুমারঘাটে কংগ্রেসের শক্তি প্রদর্শন, মিছিল-সমাবেশে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব নেতৃত্ব
