আগরতলা, ৩০ জুলাই: রাজ্যের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান গোবিন্দ বল্লভ পন্ত (জিবি) হাসপাতালে ছাদের ঢালাইয়ের একটি অংশ ভেঙে রোগীর পরিজনদের ওপর পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় উপস্থিত রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই ছাদের ঢালাইয়ের কিছু অংশ খসে নিচে পড়ে। সে সময় সেখানে রোগীর একাধিক পরিজন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেলেও, গুরুতর আহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। কী কারণে ঢালাই ভেঙে পড়ল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।রাজ্যের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতালে এমন ঘটনা সামনে আসায় ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রোগী ও তাঁদের পরিজনরা দ্রুত প্রয়োজনীয় সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
জিবি হাসপাতালে ছাদের ঢালাই ভেঙে রোগীর পরিজনদের ওপর! আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
