Headlines

জল জীবন মিশনের বকেয়া বিলের দাবিতে ডিএমের দ্বারস্থ ঠিকাদাররা, দ্রুত অর্থ প্রদানের দাবি

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম)-এর অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে শুক্রবার সোনামুরা কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সেপাহিজলা জেলার জেলা শাসক (ডিএম) ও কালেক্টর ড. সিদ্ধার্থ শিব জাসওয়ালের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন।ডেপুটেশনে জানানো হয়, বিশালগড় পিডব্লিউডি (ডিডব্লিউএস) বিভাগের অধীনে জল জীবন মিশনের বিভিন্ন প্রকল্পে নিযুক্ত ঠিকাদাররা ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে সম্পন্ন হওয়া কাজের বিল এখনও পাননি। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও বকেয়া অর্থ পরিশোধ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।ঠিকাদারদের দাবি, দীর্ঘদিন বিল আটকে থাকায় শ্রমিকদের মজুরি, নির্মাণ সামগ্রী সরবরাহকারীদের পাওনা, ব্যাংক ঋণের কিস্তি এবং দৈনন্দিন পারিবারিক ব্যয় নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ঠিকাদার ঋণের বোঝায় জর্জরিত হয়ে আর্থিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বলেও ডেপুটেশনে উল্লেখ করা হয়।সোনামুরা কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, জল জীবন মিশনের লক্ষ্য বাস্তবায়নে তারা শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ন্যায্য পাওনা না পাওয়ায় চলমান প্রকল্প পরিচালনা এবং নতুন কাজ গ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত বকেয়া অর্থ পরিশোধের জন্য রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপনের আবেদন জানান ঠিকাদাররা। তাদের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের আর্থিক সংকটের অবসান হবে এবং জল জীবন মিশনের কাজও স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *