তেলিয়ামুড়া: শারদীয়া দুর্গোৎসবের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পূজার প্রস্তুতি। সেই আবহেই সোমবার তেলিয়ামুড়ার অন্যতম ঐতিহ্যবাহী রাজদূত ক্লাব খুঁটি পূজার মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল।ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজা সম্পন্ন হয়। এর মধ্য দিয়েই শুরু হলো দুর্গামণ্ডপ নির্মাণের শুভ সূচনা। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী এবং এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। খুঁটি পূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় গোটা এলাকায়।পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজদূত ক্লাব তেলিয়ামুড়া তথা জেলার অন্যতম আকর্ষণীয় দুর্গাপূজার আয়োজক হিসেবে পরিচিত। প্রতি বছর নান্দনিক মণ্ডপ, অভিনব থিম এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই পূজা।ক্লাব সূত্রে জানা গেছে, এবারের পূজার মূল আকর্ষণ হতে চলেছে ‘কালের ক্যানভাসে কুটির শিল্প’। গ্রামীণ কুটির শিল্প ও বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই থিম নির্বাচন করা হয়েছে। আগরতলার দক্ষ কারিগরদের হাত ধরে নির্মিত হবে বিশেষ থিম মণ্ডপ। পাশাপাশি থাকবে আধুনিক আলোকসজ্জা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এদিন ক্লাবের সভাপতি তথা তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায় বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু একটি সুন্দর পূজামণ্ডপ তৈরি করা নয়, বরং হারিয়ে যেতে বসা লোকশিল্প ও কুটির শিল্পকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরা। দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও সামাজিক ঐক্যের উৎসব—এই বার্তাই আমরা দর্শনার্থীদের কাছে পৌঁছে দিতে চাই।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মধুসূদন রায়, সহ-সভাপতি নিপেন্দ্র দেব, পূজা কমিটির সম্পাদক সৌরভ দেব, প্রবীর ঘোষসহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট শুভানুধ্যায়ীরা।
খুঁটি পূজায় শুরু রাজদূত ক্লাবের দুর্গোৎসবের প্রস্তুতি, এবার থিম ‘কালের ক্যানভাসে কুটির শিল্প’
