বিশালগড়: সিপাহীজলা জেলার বিশালগড়ের লালটিলা এলাকায় তিন সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সনকা নম। তাঁর স্বামীর নাম বিকাশ নম।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়িতে সনকা নমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃতার বাপের বাড়ির পরিবারের সদস্যরা এই দাবি মানতে নারাজ। তাঁদের অভিযোগ, মৃতার শরীরে আত্মহত্যার স্পষ্ট কোনো লক্ষণ ছিল না এবং ঘটনাটি রহস্যজনক।পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সনকা নমকে বাড়ির উঠোনে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে বাপের বাড়ির লোকজন এসে তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এলাকাবাসীর একাংশের দাবি, সনকা নম দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন এবং তাঁর স্বামী নেশাগ্রস্ত হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক বলে মনে করছেন।ঘটনার খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
তিন সন্তানের মায়ের রহস্যমৃত্যুতে বিশালগড়ে চাঞ্চল্য, আত্মহত্যা নাকি অন্য কিছু—তদন্তে পুলিশ
