নিজস্ব সংবাদদাতা: ধর্মনগর জেলা হাসপাতালে মৃত রোগীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে। শুক্রবার হাসপাতালের ট্রমা সেন্টারের দ্বিতীয় তলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার, সংগঠনের সম্পাদক ডা. আশিস দাস কানুনগো, ধর্মনগর জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. ভাস্কর দাস-সহ অন্যান্য চিকিৎসকরা।চিকিৎসকদের দাবি, ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়া এবং হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।এদিকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. ভাস্কর দাস হাসপাতালের পরিকাঠামোগত কিছু দুর্বলতার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।চিকিৎসকদের মতে, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ধর্মনগর হাসপাতালে হামলার অভিযোগে FIR, নিরাপত্তা জোরদারের দাবি চিকিৎসকদের
