Headlines

“বিদ্যুৎ বিল ২ হাজার কেন?”—স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, TSECL-এ যুব কংগ্রেসের ডেপুটেশন

উদয়পুর, ৮ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভকে সামনে রেখে সরব হল গোমতী জেলা যুব কংগ্রেস। বিদ্যুৎ মাশুল কমানো, স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা সমাধানসহ একাধিক দাবিতে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের বন্ধুয়ার ইলেকট্রিক্যাল উদয়পুর ডিভিশন কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়।৩১ রাধাকিশোরপুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পাঁচ সদস্যের প্রতিনিধি দল TSECL-এর ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ সরকারের হাতে ডেপুটেশন তুলে দেয়। প্রতিনিধি দলে ছিলেন ৩১ রাধাকিশোরপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি, গোমতী জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস, সাধারণ সম্পাদক প্রীতম বৈদ্যসহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব।যুব কংগ্রেসের অভিযোগ, গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। সংগঠনের দাবি, বহু পরিবারের মাসিক বিল যেখানে দীর্ঘদিন ৫০০-৬০০ টাকার মধ্যে ছিল, বর্তমানে তা বেড়ে ১৫০০-২০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। নতুন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করেও কেন বিল এত বাড়ছে, তার স্বচ্ছ ব্যাখ্যা দাবি করা হয়েছে।স্মার্ট মিটার ও প্রিপেইড রিচার্জ ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে যুব কংগ্রেস। তাদের অভিযোগ, স্মার্ট মিটার বসানো এবং প্রিপেইড কার্ডে রিচার্জের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।ডেপুটেশনে মোট ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে বিদ্যুৎ বিলের মাশুল ও মিটার চার্জ কমানো, স্মার্ট মিটার সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, প্রিপেইড রিচার্জের নামে গ্রাহক হয়রানি বন্ধ, TSECL-এর ঠিকাদারদের বকেয়া বিল দ্রুত পরিশোধ এবং বিদ্যুৎ দপ্তরের শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ।যুব কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি, সাধারণ মানুষের স্বার্থে দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *