Headlines

ত্রিবর্ণে রাঙল উদয়পুর! ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’-এর বর্ণাঢ্য র‍্যালিতে দেশপ্রেমের জোয়ার

গোমতী জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচি। রবিবার কর্মসূচিকে ঘিরে উদয়পুর শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের আবহ দেখা যায়।উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। সবুজ পতাকা নেড়ে র‍্যালির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, কাউন্সিলররা, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং উদয়পুর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা।র‍্যালিটি রাজর্ষি হল থেকে শুরু হয়ে জাতীয় সড়ক, জগন্নাথ দীঘির পশ্চিম পাড়, জামতলা, সেন্ট্রাল রোড ও হাসপাতাল রোড পরিক্রমা করে ফের রাজর্ষি হল প্রাঙ্গণে এসে শেষ হয়। সূচনায় পরিবেশন করা হয় জাতীয় সংগীত। গোটা র‍্যালিজুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ ও দেশাত্মবোধের আবেগ।অনুষ্ঠানে বক্তারা ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। তাঁদের মতে, এই উদ্যোগের মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ আরও শক্তিশালী হবে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন গোমতী জেলার বিভিন্ন প্রান্তে ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ উপলক্ষে একাধিক সচেতনতামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *