উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাধাকিশোরপুর থানা ও মহিলা থানা পরিদর্শন করলেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত DGP জি. এস. রাও। ১৯৯৯ ব্যাচের এই IPS আধিকারিক থানায় পৌঁছালে পুলিশ কর্মীদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়।পরিদর্শনকালে দুই থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি থানার সামগ্রিক কার্যক্রম, পুলিশি পরিষেবা, মামলার অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। পরে পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আরও ভালো সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেন ভারপ্রাপ্ত DGP।পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জি. এস. রাও জানান, পুলিশের মূল লক্ষ্য সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছানো। মানুষের সমস্যার কথা দ্রুত শুনে সমাধানের জন্য পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলেও তিনি জানান।তিনি আরও বলেন, রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে অভিযান, মহিলা সংক্রান্ত সমস্যা এবং আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজকে নেশামুক্ত করার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।ভারপ্রাপ্ত DGP-র এই থানা পরিদর্শনকে পুলিশ মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশের পরিষেবা আরও জনমুখী করা এবং সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত।
উদয়পুরে দুই থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত DGP জি. এস. রাও, নজরে ড্রাগস ও মহিলা নিরাপত্তা
