Headlines

চড়িলামে ঝুলনযাত্রাকে ঘিরে উত্তেজনা, এক সাধুর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ

চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় ঝুলনযাত্রা উৎসবকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায়। উৎসব চলাকালীন এক ব্যক্তির বিরুদ্ধে বিশৃঙ্খলা ও আয়োজকদের সঙ্গে বচসায় জড়ানোর অভিযোগ ওঠে। পরে স্থানীয় ব্যবসায়ী ও উৎসব কমিটির সদস্যরা তাঁকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে ঝুলনযাত্রার আয়োজন করা হয়। অভিযোগ, উৎসব চলাকালীন জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাস নামে এক ব্যক্তি সেখানে এসে আয়োজকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।এলাকাবাসীর আরও দাবি, ঝুলনযাত্রার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, ধর্মীয় অনুষ্ঠানকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।অভিযুক্ত জয়ন্ত দত্তের বক্তব্য বা ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *