ধর্মনগর জেলা হাসপাতালে পর্যাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ না থাকায় শিশুদের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে শিশু রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের ভোগান্তির অভিযোগ উঠেছে।অভিযোগ, বর্তমানে একজন পিজি চিকিৎসকের মাধ্যমে শিশুদের চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি রোগীর পরিবারের।মঙ্গলবার এক শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসে সমস্যার মুখে পড়ে একটি পরিবার। চিকিৎসকের খোঁজ করলে তাঁদের জানানো হয়, সংশ্লিষ্ট চিকিৎসক আগরতলায় রেফার হয়ে বর্তমানে ছুটিতে রয়েছেন।এই পরিস্থিতিতে অনেক অভিভাবক শিশুদের নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে আসতেও আতঙ্কিত হচ্ছেন বলে অভিযোগ। ফলে হাসপাতালের শিশু ওয়ার্ডেও রোগীর সংখ্যা কমে যাওয়ার দাবি উঠেছে।দ্রুত পূর্ণসময়ের শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগ করে পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। পাশাপাশি, বিষয়টিতে স্বাস্থ্য দপ্তরের জরুরি হস্তক্ষেপেরও দাবি উঠেছে।
ধর্মনগর হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ নেই! উদ্বেগে অভিভাবকরা
