Headlines

আড়ালিয়ার ‘মরণফাঁদ’ রাস্তা! ২০ দিনের মধ্যে কাজ না হলে চার সড়ক অবরোধের হুঁশিয়ারি

আড়ালিয়া: বড় বড় খানাখন্দ আর গর্তে বেহাল আড়ালিয়ার অন্যতম প্রধান যোগাযোগের রাস্তা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকরীভাবে কাজ এগোয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।এই রাস্তার ওপর নির্ভরশীল এলাকার হাজারো মানুষ। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াত—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে জল জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে।এলাকাবাসীর দাবি, রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এমনকি জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়িও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ে বলে অভিযোগ তাঁদের।স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও একাধিকবার প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। তাঁদের আরও দাবি, স্থানীয় বিধায়ক তোফাজ্জল হোসেন রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা দেওয়ার কথা বলেছিলেন এবং সেই অনুযায়ী জমিও দেওয়া হয়। কিন্তু রাস্তার কাজ অর্ধেক হওয়ার পর বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।সমস্যার সমাধানের আশায় পিডব্লিউডি দপ্তরের দ্বারস্থ হন এলাকাবাসী। তাঁদের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তার বাকি কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেন পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিপ্লব তরণ।তবে এবার শুধু আশ্বাসে সন্তুষ্ট নন আড়ালিয়াবাসী। তাঁদের হুঁশিয়ারি, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এমনকি একই দিনে সোনামুড়ার চারটি প্রধান সড়ক অবরোধ করারও হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।এখন দেখার বিষয়, পিডব্লিউডি দপ্তরের আশ্বাস কতটা বাস্তবে কার্যকর হয়। নাকি রাস্তা সংস্কারের দাবিতে শেষ পর্যন্ত বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন আড়ালিয়াবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *