উন্নয়নের নামে নির্মাণের কয়েক বছর না যেতেই বেহাল দশায় বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল। অল্প বৃষ্টিতেই মাটি ধসে একাধিক জায়গায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে প্রাচীরের। ঘটনাকে কেন্দ্র করে নির্মাণকাজের গুণমান নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।ঘটনাটি তেলিয়ামুড়া ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। জানা গেছে, প্রায় দুই-তিন বছর আগে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন পাকা ভবনের পাশাপাশি বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছিল।অভিযোগ, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন থাকলেও তা যথাযথভাবে নজরদারি করা হয়নি। বর্তমানে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় সংলগ্ন মাটি ধসে যাচ্ছে। এর ফলে বাউন্ডারি ওয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও মাটি সরে গিয়ে প্রাচীরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিয়ে। প্রতিদিন বিদ্যালয়ে আসা পড়ুয়া, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়দের যাতায়াতের কারণে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিনাক পানি দেব।স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থে নির্মিত একটি পরিকাঠামো যদি কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়ার মুখে পড়ে, তাহলে নির্মাণকাজের গুণমান কতটা বজায় রাখা হয়েছিল? নিম্নমানের নির্মাণের অভিযোগ সত্যি হলে এর দায়ভারই বা কার?ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করার পাশাপাশি পুরো নির্মাণকাজের গুণমান খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
অল্প বৃষ্টিতেই ধসছে স্কুলের বাউন্ডারি! নিম্নমানের নির্মাণের অভিযোগে প্রশ্নের মুখে পরিকাঠামো
