ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে জোর দিল তিপ্রামথা। নির্বাচনের রণকৌশল নির্ধারণ এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার তিনটি ব্লকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।১১ মহারানী কেন্দ্রের এমডিসি উৎপল দেববর্মার নেতৃত্বে মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া ও কল্যাণপুর ব্লক এলাকায় পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিটি বৈঠকেই উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার তিপ্রামথার নেতা-কর্মীরা।বৈঠকে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক অবস্থান, নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় আরও মজবুত করা এবং নির্বাচনী ময়দানে সংগঠনকে শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।এমডিসি উৎপল দেববর্মা জানান, ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে কী ধরনের রণনীতি গ্রহণ করা হবে, মূলত তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ভিলেজ ভোটের আগে তিপ্রামথার ঘর গোছানো, তিন ব্লকে সাংগঠনিক বৈঠক
