Headlines

১২ বছর পর চ্যাম্পিয়ন ধর্মনগর! রেলস্টেশনে বিজয়ী ক্রিকেটারদের জমকালো সংবর্ধনা

ত্রিপুরার রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট গ্রুপ ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেল ধর্মনগর মহকুমা ক্রিকেট দল। কমলপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ত্রিপুরা ক্রিকেটের সর্বোচ্চ স্তর এলিট গ্রুপে খেলার যোগ্যতা অর্জন করেছে ধর্মনগর। দীর্ঘ ১২ বছর পর রাজ্যভিত্তিক ক্রিকেটে ফের সাফল্যের শিরোপা ঘরে তুলল দলটি।গত ১৯ আগস্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পায় ধর্মনগর। রবিবারের মেগা ফাইনালে ভিজেডি পদ্ধতিতে কমলপুর মহকুমা দলকে ১৩১ রানের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় তারা।মঙ্গলবার বিজয়ী ক্রিকেটাররা ট্রেনে করে ধর্মনগরে ফিরতেই রেলস্টেশনে তৈরি হয় উৎসবের আবহ। খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ ধর, সম্পাদক শেখর সিনহা সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। বিজয়ী ক্রিকেটারদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান কর্মকর্তারা এবং তাঁদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ ধর বলেন, এই জয় শুধু ক্রিকেট দলের নয়, সমগ্র ধর্মনগর মহকুমা এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবের সম্মিলিত আনন্দ। আগামী দিনে স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তী এবং যাদব লাল নাথের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে ধর্মনগরের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এদিকে আগামী ২ সেপ্টেম্বর মাঠে নামতে চলেছে ধর্মনগরের মহিলা ক্রিকেট দল। পুরুষ দলের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে মহিলা দলও জয়ের ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন।দীর্ঘ ১২ বছর পর ধর্মনগরের ক্রিকেটে এই সাফল্যকে ঘিরে গোটা মহকুমাজুড়ে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। চ্যাম্পিয়ন দলের হাত ধরে এলিট গ্রুপে ধর্মনগরের নতুন যাত্রা ঘিরে এখন থেকেই প্রত্যাশা বাড়ছে ক্রীড়াপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *