ধলাই নদীর ভয়াবহ ভাঙনে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে কমলপুর-আমবাসা সড়কের রাখালতলী এলাকা। নদীর গতিপথ পরিবর্তন হয়ে রাস্তার একেবারে কাছে চলে আসায় যেকোনো বড় বন্যায় গুরুত্বপূর্ণ এই সড়কের বড় অংশ নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের দাবি, গত বছরের ভয়াবহ বন্যার পর সালেমার রাখালতলীতে বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ন এলাকায় ধলাই নদীর গতিপথ পরিবর্তিত হয়ে একটি বাঁক তৈরি হয়েছে। বর্তমানে নদী সেই বাঁক নিয়ে কমলপুর-আমবাসা সড়কের একেবারে কাছে চলে এসেছে।বাসিন্দাদের আশঙ্কা, ফের বড় ধরনের বন্যা হলে সড়কের বিস্তীর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি রাস্তার পাশে বসবাসকারী প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবার চরম ক্ষতির মুখে পড়তে পারে।স্থানীয় এক বাসিন্দার কথায়, কয়েক বছর আগেও ধলাই নদী বর্তমান অবস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে ছিল। প্রতিবছর নদীভাঙনের ফলে নদীর গতিপথ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এখন রাস্তার কাছে চলে এসেছে।ফলে ভাঙন নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে গভীর আতঙ্ক। তাঁদের দাবি, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
ধলাইয়ের ভাঙনে বিপদে কমলপুর-আমবাসা সড়ক! আতঙ্কে রাখালতলীর শতাধিক পরিবার
