Headlines

SIR নিয়ে জিতেন্দ্রর কড়া বার্তা, নদী-পরিবেশের দায়িত্ব শিল্প দপ্তরে দেওয়া নিয়েও প্রশ্ন

SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সরব হলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি নদী ও পরিবেশ সংক্রান্ত কিছু দায়িত্ব বন দপ্তরের কাছ থেকে শিল্প দপ্তরের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।SIR প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়, তা নিশ্চিত করা জরুরি। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি প্রকৃত ভোটারদের নাম যাতে কোনওভাবেই বাদ না পড়ে, সেদিকেও নজর দেওয়ার দাবি জানান তিনি।তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে এবং সুপ্রিম কোর্টও এতে বাধা দেয়নি। তবে গোটা বিষয়টির উপর বিরোধীরা তীক্ষ্ণ নজর রাখছে। বিহার বা পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হলে গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।এদিকে, পয়লা সেপ্টেম্বর থেকে নদী ও ছড়া সংক্রান্ত কিছু দায়িত্ব বন দপ্তরের পরিবর্তে শিল্প দপ্তরের হাতে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সিদ্ধান্তের সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর বক্তব্য, নদীর নাব্যতা বৃদ্ধি, ভাঙন রোধ, পাহাড় ধস মোকাবিলা ও সবুজায়নের মতো বিষয় পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত।বিরোধীদের অভিযোগ, বন দপ্তরের নিজস্ব পরিকাঠামো থাকা সত্ত্বেও অবৈধভাবে নদী ও ছড়া থেকে মাটি-বালি তোলা বন্ধ করা যাচ্ছে না। সেখানে শিল্প দপ্তরের হাতে এই দায়িত্ব তুলে দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।‘ডেস্টিনেশন ত্রিপুরা’-র নামে বিনিয়োগ ও শিল্পায়নের যে দাবি করা হচ্ছে, বাস্তবে তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। তাঁদের দাবি, শিল্পায়নের নামে নদী, পাহাড়, বন ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কোনও সুযোগ দেওয়া যাবে না।নদী ও পরিবেশ রক্ষার দায়িত্ব পুনরায় বন ও পরিবেশ দপ্তরের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *