বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে চুরির ঘটনা ঘটলেও টানা দুই দিন অফিস বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসেনি।পরবর্তীতে ব্লকের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির ঘটনা সামনে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্লক অফিস থেকে এসির তামার অংশ এবং বাথরুমে থাকা ট্যাব চুরি হয়েছে। তবে অফিস বন্ধ থাকায় আরও কী কী সামগ্রী খোয়া গেছে, তা এখনও স্পষ্ট নয়।শুক্রবার সকালে বিশালগড় অফিসটিলা বাজার এলাকায় ব্লকের কর্মচারীরা সিসিটিভি ফুটেজে দেখা সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশি জিজ্ঞাসাবাদে আটক যুবকের নাম সুব্রত সাহা, বাড়ি সিধাই পঞ্চবটি এলাকায় বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সঙ্গে বড় কোনও চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।এদিকে ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বিশালগড় এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।
বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরি! সিসিটিভিতে ধরা পড়ে সন্দেহভাজন, আটক ১
