মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠল কমলপুরের কচুছড়া এলাকা। এবার বিদ্যুতের দাবিতে সালেমা-আমবাসা সড়ক অবরোধে সামিল হন ভীম শবর পাড়ার গ্রামবাসীরা। অভিযোগ, টানা ১০ দিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের তরফে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা কচুছড়া বাজার এলাকায় পথ অবরোধে বসেন। এর ফলে সালেমা-আমবাসা সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে।পথ অবরোধের জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় কচুছড়া থানার পুলিশ। পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
১০ দিন অন্ধকারে! বিদ্যুতের দাবিতে কচুছড়ায় ফের পথ অবরোধে উত্তেজনা
