Headlines

নাকা পয়েন্টের সামনে পিস্তল-ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

বক্সনগর, ১২ সেপ্টেম্বর: কলমচৌড়া থানাধীন গলাচিপা ও আনন্দপুরের মাঝামাঝি এলাকায় নাকা পয়েন্টের সামনে রাস্তার পাশ থেকে অবৈধ পিস্তল, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও প্রায় ১২০ গ্রাম ইয়াবা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের প্রকৃত মালিক কে, তা নিয়ে এখনও রহস্য কাটেনি।জানা গেছে, নাকা পয়েন্ট সংলগ্ন একটি বাঁশের মাচার নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় তার দিয়ে বাঁধা একটি পিস্তল রাখা রয়েছে—এমন গোপন খবর পায় বিএসএফ। খবরের ভিত্তিতে জওয়ানরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। পাশাপাশি বাঁশের মাচার ছিদ্রের ভিতর চারটি প্যাকেটে রাখা প্রায় ১২০ গ্রাম ইয়াবা ট্যাবলেটও উদ্ধার হয় বলে জানা গেছে।তল্লাশির সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া বক্সনগরের জয়নাল আবদিন ও দক্ষিণ কলমচৌড়ার কর্নজিত সরকার নামে দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের কলমচৌড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে কলমচৌড়া ও সোনামুড়া থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক, টিএসআর, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক এবং ফরেন্সিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে। তবে নাকা পয়েন্টের মতো নিরাপত্তা নজরদারির এলাকায় কীভাবে অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।অন্যদিকে, গ্রেফতার হওয়া দুই যুবকের পরিবারের দাবি, তাদের কাছ থেকে কোনো অস্ত্র বা মাদক উদ্ধার হয়নি। শুধু ঘটনাস্থলের কাছে উপস্থিত থাকার কারণেই তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সামনে আসবে বলে দাবি পরিবারের।উদ্ধার হওয়া অস্ত্র ও ইয়াবার সঙ্গে আরও কোনো চক্র জড়িত রয়েছে কি না এবং এগুলোর প্রকৃত মালিক কারা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *