পেনশন সংক্রান্ত জটিলতার জেরে এবার কড়া অবস্থান নিল উচ্চ আদালত। অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আটকে রাখার অভিযোগে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (এডিসি) চিফ এক্সিকিউটিভ অফিসারের বেতন আটকে রাখার নির্দেশ দিয়েছে আদালত।এডিসি-র আধিকারিকদের বেতন বন্ধ সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। তাঁর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পেনশন সংক্রান্ত সমস্যায় ভোগান্তির অভিযোগ রয়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের। সেই বিষয়টি আদালতের নজরে আসার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, পেনশনভোগীদের প্রাপ্য অর্থ আটকে রাখার বিষয়টি অত্যন্ত গুরুতর। প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিকদের নিজেদের কর্তব্য পালনের ক্ষেত্রে গাফিলতি থাকলে তার দায়ও নিতে হবে।উচ্চ আদালতের এই নির্দেশের ফলে এডিসি প্রশাসনের অন্দরে বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। একইসঙ্গে পেনশনভোগীদের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধানের দাবিও আরও জোরালো হয়েছে।
পেনশন আটকে রাখার জের! এডিসি সিইও-র বেতন বন্ধের নির্দেশ উচ্চ আদালতের
