Headlines

পড়া না পারায় নাবালককে মারধরের অভিযোগ! ‘ছোট হুজুর’-এর বিরুদ্ধে থানায় মামলা

ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের ফুলবাড়ীকান্দি পঞ্চায়েতের বরখলা গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসায় নাবালক পড়ুয়াকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদ্রাসার ‘ছোট হুজুর’-এর বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার বাবা মনাফ আলি।পরিবারের অভিযোগ, পড়াশোনার সময় একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় ওই নাবালককে বেধড়ক মারধর করা হয়। এতে তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন তৈরি হয়েছে বলে দাবি পরিবারের। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরেই ওই পড়ুয়ার ওপর মারধর করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।ঘটনার খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে ছেলের ওপর নির্যাতনের কারণ জানতে চান মনাফ আলি। অভিযোগ, সেই সময় তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে পরিবারের দাবি।এরপর রবিবার রাত আনুমানিক ১০টা নাগাদ কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালকের বাবা। তাঁর বক্তব্য, পড়া না পারলে শাসন করা এক বিষয়, কিন্তু শিক্ষার নামে একজন নাবালককে অমানবিকভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।এদিকে, ঘটনার ছবি ও অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিকে চাপ দেওয়ার অভিযোগও উঠেছে। এই অভিযোগ ঘিরে বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে।নাবালকের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার পাশাপাশি মাদ্রাসায় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।তবে অভিযোগের বিষয়ে মাদ্রাসার ‘ছোট হুজুর’ বা কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পরই অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *