তেলিয়ামুড়ায় প্রথমবার জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে গণপতি উৎসব ও মেলা। তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হল মাঠে সোমবার থেকে শুরু হয়েছে এই বিশেষ আয়োজন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব ও মেলা।গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে ফিতা কেটে গণেশ মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি অনির্বাণ সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।প্রথমবারের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই তেলিয়ামুড়া মহকুমাজুড়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। টাউন হল মাঠজুড়ে সাজানো হয়েছে মনোরম পরিবেশ। একদিকে গণেশ পূজার ধর্মীয় আবহ, অন্যদিকে মেলার নানা আকর্ষণ—সব মিলিয়ে উৎসবের আমেজে মেতে উঠেছে শহর।আয়োজকদের আশা, আগামী কয়েকদিন পুজো, আনন্দ ও বিনোদনের এই মিলনমেলায় টাউন হল মাঠে মানুষের ভিড় আরও বাড়বে। প্রথমবার আয়োজিত গণপতি উৎসব ও মেলা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে।
প্রথমবার তেলিয়ামুড়ায় গণপতি উৎসব ও মেলা, টাউন হল মাঠে উৎসবের আমেজ
