দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার সোনিয়ারখিল নন্দীটিলা এলাকায় তোলাবাজি, ভাঙচুর, অ্যাসিড ঢেলে দেওয়া এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় শম্ভু দত্তের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এক দুষ্কৃতীর দাপটে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের।অভিযোগ, বিএসএফের তল্লাশিতে বেআইনি পাচারসামগ্রী বাজেয়াপ্ত হওয়ার পর সেই ঘটনার সন্দেহের জেরে শম্ভু দত্তের পরিবারের উপর অত্যাচার শুরু হয়। গভীর রাতে বাড়ির টিন কেটে ভেতরে ঢুকে তাণ্ডব চালানো, পরিবারের সদস্যদের মঠ ভাঙচুর এবং পানীয় জলে অ্যাসিড ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ।পরিবারের আরও অভিযোগ, অভিযুক্ত বিষ্ণু শীলের বিরুদ্ধে শম্ভু দত্তের স্ত্রীর কাছে ১৭ লক্ষ টাকা তোলার দাবির পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি ভোরের আগে তাঁর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আতঙ্কিত ওই পরিবার।স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে অনিয়ম থেকে শুরু করে সীমান্তপথে পাচারের মতো কর্মকাণ্ড নিয়েও এলাকায় নানা অভিযোগ রয়েছে। অভিযুক্তের দাপটে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায়। পুরো ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আক্রান্ত পরিবার। সীমান্তবর্তী এই এলাকায় পরপর এমন অভিযোগ সামনে আসায় আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তোলাবাজি-অ্যাসিড হামলা-শ্লীলতাহানির অভিযোগ, নন্দীটিলায় আতঙ্ক
