শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর উদ্যোগে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক ম্যারাথন প্রতিযোগিতা ‘স্পন্দন’।বৃহস্পতিবার তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গলস্থিত BSF সেক্টর হেড অফিস প্রাঙ্গণ থেকে এই ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। রাজ্যের ৮টি জেলা থেকে ২৫০-এরও বেশি ছেলে-মেয়ে দুইটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।সেক্টর হেড অফিস থেকে দৌড় শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেখানেই ফিরে এসে ১২ কিলোমিটারের দৌড় সম্পন্ন করেন প্রতিযোগীরা। সকাল থেকেই ম্যারাথনকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BSF-এর ডিআইজি রাজপাল সিং, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট তথা রাজ্যের ক্রীড়া তারকা দীপা কর্মকার, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলার বন আধিকারিক আইএফএস অশোক কুমার, জেলা শাসক রজত পন্থ-সহ BSF-এর অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।BSF-এর পক্ষ থেকে জানানো হয়, ‘স্পন্দন’-এর মূল উদ্দেশ্য হলো ক্রীড়ার প্রসার, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া।
‘স্পন্দন’-এ দৌড়ের ছন্দ! তেলিয়ামুড়ায় BSF-এর ১২ কিমি ম্যারাথনে ২৫০-র বেশি প্রতিযোগী
