Headlines

মোদীর জন্মদিনে শান্তিরবাজারে সেবার বার্তা, সাফাইকর্মীদের সংবর্ধনা মন্ত্রীর

শান্তিরবাজার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা মেরা যোগদান’ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার শান্তিরবাজারে একগুচ্ছ সেবামূলক কর্মসূচি পালন করা হয়। এদিন দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামের সামনে জেলা ভিত্তিক ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানের মূল বার্তা ছিল ‘স্বচ্ছতা থেকে সমৃদ্ধি’ এবং ‘স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, রাজনগরের বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফ্রু মগ, জেলাশাসক মুহাম্মদ সাজাদ পি, অতিরিক্ত জেলাশাসক শান্তি রঞ্জন চাকমা, মহকুমা শাসক দীপিকা গৌতমসহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, স্বচ্ছতাই সেবা এবং স্বচ্ছতাই প্রকৃত দেশসেবা। স্বচ্ছ ভারতের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বচ্ছতা কর্মীদের সংবর্ধনা। প্রতিদিন শহর পরিষ্কার রাখা এবং বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের কাজে যুক্ত কর্মীদের হাতে কাপ তুলে দিয়ে সম্মান জানানো হয়।অনুষ্ঠান শেষে শান্তিরবাজার জেলা হাসপাতালে যান মন্ত্রী সুধাংশু দাস। সেখানে ভর্তি থাকা রোগীদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন তিনি।পাশাপাশি, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় প্রত্যেক নাগরিককে বাড়িতে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানোর আহ্বান জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *