আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারী ও বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য উৎসব অগ্রিম ও উৎসব অনুদানের পরিমাণ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবছরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি-সহ বিভিন্ন শ্রেণির কর্মীরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত উৎসব অগ্রিম পাবেন।সরকারি ঘোষণায় জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও হোমগার্ডদের জন্য ৫ হাজার টাকা এবং আশা কর্মীদের জন্য ২ হাজার টাকা উৎসব অগ্রিম নির্ধারণ করা হয়েছে। এই সুবিধায় প্রায় ১ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। উৎসব অগ্রিম বাবদ সরকারের প্রায় ১৮৩.৭৭ কোটি টাকা ব্যয় হবে।পাশাপাশি গত বছরের তুলনায় উৎসব অনুদানের পরিমাণও ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে। গ্রুপ-সি, গ্রুপ-ডি, ডিআরডব্লিউ এবং পেনশনভোগীদের অনুদান ২,১০০ টাকা থেকে বাড়িয়ে ২,৪০০ টাকা করা হয়েছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী, হোমগার্ড, এসপিও-সহ কয়েকটি শ্রেণির জন্য উৎসব অনুদান নির্ধারণ করা হয়েছে ২,৬১০ টাকা।উৎসব অনুদান খাতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৪৭.১৬ কোটি টাকা। এর ফলে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৫০১ জন কর্মচারী এবং ৮৫ হাজার ৯১৬ জন পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন।দুর্গাপূজার আগে উৎসব অগ্রিম ও অনুদানের এই বৃদ্ধি সরকারি কর্মী, পেনশনভোগী এবং বিভিন্ন সহায়ক কর্মী শ্রেণির জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
দুর্গাপূজায় সরকারি কর্মীদের বড় সুখবর, বাড়ল উৎসব অগ্রিম ও অনুদান
