Headlines

রাতের আঁধারে ৫ হাজার কপির চারা নষ্ট, সর্বস্বান্ত কৃষক!

সোনামুড়া মহকুমার গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের গরুরবান্দ উত্তরপাড়া এলাকায় রাতের আঁধারে কৃষকের প্রায় পাঁচ হাজার কপির চারা কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক হরিপদ পাল।জানা গেছে, প্রায় এক মাস আগে নিজের জমির এক কোণে পাঁচ হাজার কপির চারা রোপণ করেছিলেন হরিপদবাবু। পরিচর্যার পর চারাগুলি বড় হয়ে উঠেছিল। মঙ্গলবারই সেগুলি তুলে মূল ক্ষেতে রোপণের কথা ছিল। কিন্তু তার আগের রাতেই ধারালো অস্ত্র দিয়ে সমস্ত চারা কেটে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ।সকালে জমিতে এসে এই দৃশ্য দেখে কার্যত ভেঙে পড়েন কৃষক। তীব্র দাবদাহ উপেক্ষা করে দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি করা ফসল এক রাতেই নষ্ট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর দাবি, কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা বা বিবাদ নেই। ফলে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাঁর কাছে অজানা।স্থানীয়দের দাবি, গরুরবান্দ উত্তরপাড়ার চরাঞ্চলে কৃষকের ফসল নষ্টের ঘটনা নতুন নয়। প্রায় দুই বছর আগেও এক কৃষকের ঝিঙে ক্ষেত একইভাবে নষ্ট করার অভিযোগ উঠেছিল। পরপর এমন ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে তদন্ত করে দোষীদের চিহ্নিত করার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *