Headlines

NSE-এর সঙ্গে ত্রিপুরার ঐতিহাসিক MoU, পুঁজিবাজারে অংশগ্রহণের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ জুলাই: আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পুঁজিবাজারের সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এর সঙ্গে ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে NSE এবং সিপার্ড (SIPARD), শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তাদের সচেতন করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলিকে ক্যাপিটাল মার্কেটের সুবিধা ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে ত্রিপুরাকে আর্থিকভাবে স্বাবলম্বী ও সমৃদ্ধ রাজ্যে পরিণত করা সম্ভব।মুখ্যমন্ত্রী জানান, NSE-এর সঙ্গে এই চুক্তি রাজ্যের যুবসমাজের জন্য আর্থিক সাক্ষরতা, বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান এবং সিকিউরিটিজ মার্কেট বিষয়ে প্রশিক্ষণের নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি MSME, স্টার্টআপ ও উদ্যোক্তাদের আর্থিক সুযোগ ব্যবহারের ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।তিনি আরও বলেন, ব্যাংকিং, আর্থিক পরিষেবা ও বিমা ক্ষেত্র আগামী দিনে যুবকদের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে পারে। NSE ও দক্ষতা উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে ক্যাপিটাল মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিমা এবং বিনিয়োগ পরামর্শ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার কৃষি-প্রক্রিয়াকরণ, তাঁত, বাঁশশিল্প ও রাবার শিল্পের মতো MSME ক্ষেত্রগুলিকে শক্তিশালী করতে মূলধনের প্রবাহ বাড়ানো জরুরি। এই MoU-এর মাধ্যমে রাজ্যজুড়ে বিনিয়োগকারী শিক্ষা প্রসারে মাস্টার ট্রেইনারদের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে।অনুষ্ঠানে NSE-এর চিফ রেগুলেটরি অফিসার কিষাণ আইয়ার, সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই উদ্যোগ ত্রিপুরার আর্থিক উন্নয়ন ও যুব কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *