কৃষ্ণপুর, নিজস্ব প্রতিনিধি:VB–G RAM প্রকল্পে শ্রমিকদের কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন এবং দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবিবার ২৯ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন শক্তিকেন্দ্রের উদ্যোগে ধন্যবাদ র্যালি ও সভার আয়োজন করা হয়।চাকমাঘাট এলাকায় ২৯ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি জাতীয় সড়ক পরিক্রমা করে পুনরায় মণ্ডল কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিজেপি কর্মী-সমর্থক, স্থানীয় বাসিন্দা এবং দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব অংশ নেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস সরকার, সাধারণ সম্পাদক মদন সাহা এবং অন্যান্য দলীয় নেতৃত্ব।ধন্যবাদ সভায় বক্তারা বলেন, VB–G RAM প্রকল্পে কর্মদিবস ও মজুরি বৃদ্ধি গ্রামীণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। তাঁদের মতে, এই সিদ্ধান্তের ফলে গ্রামের বহু পরিবার সরাসরি উপকৃত হবে।সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার সাধারণ মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে গ্রামীণ শ্রমিকদের আয় বৃদ্ধি এবং মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে।এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। কর্মসূচিকে ঘিরে ২৯ নম্বর কৃষ্ণপুর বিধানসভা এলাকায় দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
VB–G RAM প্রকল্পে ১২৫ কর্মদিবস ও ₹৩০০ মজুরি: কৃষ্ণপুরে বিজেপির ধন্যবাদ র্যালি
