ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপাস ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জের বিষয়গুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শিশু ও মাতৃস্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের ন্যায্য ভাতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা, অবসরকালীন সুবিধা এবং চাকরির মর্যাদার মতো একাধিক দাবি এখনও পূরণ হয়নি। দ্রুত এসব দাবির বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।এছাড়াও, বিভিন্ন প্রকল্পের কাজের চাপ বৃদ্ধি পেলেও সেই অনুপাতে সুযোগ-সুবিধা না বাড়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে দাবি করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারে ইউনিয়ন।সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য দাবিগুলির প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এখন সরকারের প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।
অঙ্গনওয়াড়ি কর্মীদের সাংবাদিক সম্মেলন! একাধিক দাবি নিয়ে সরব রাজ্য কমিটি
