আখাউড়া রোড এলাকায় বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে এক বাড়ির কাজের মহিলাকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইনসহ চুরি যাওয়া সামগ্রী।পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া রোডের বাসিন্দা প্রীতিদাস চৌধুরী বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরির অভিযোগে পশ্চিম থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বটতলা ফাঁড়ির পুলিশ।তদন্তের সূত্র ধরে আখাউড়া রোড এলাকা থেকে বাড়ির কাজের ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ১২ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা, উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া কসমেটিকস সামগ্রীও উদ্ধার করে পুলিশ।মঙ্গলবার পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেন ঘটনাটি সংবাদমাধ্যমকে জানান। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে। ঘটনায় চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আখাউড়া রোডে বাড়ি থেকে স্বর্ণের চেইন-কসমেটিকস চুরি, গ্রেফতার পরিচারিকা
