নিজস্ব সংবাদদাতা: আগরতলা বিমানবন্দর সড়ক সংলগ্ন একটি বেসরকারি শিশু নিবাস থেকে একাধিক নাবালিকার বেরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।অন্বেষা চিলড্রেন হোম কর্তৃপক্ষের দাবি, গতকাল তিনজন নাবালিকা হোম থেকে বেরিয়ে গিয়েছিল। তবে অন্য একটি সূত্রের দাবি, মোট ছয়জন নাবালিকা হোমের বাউন্ডারি টপকে বেরিয়ে যায়। যদিও পরবর্তীতে সকলকেই উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কঠোর নিরাপত্তার মধ্যে থাকা একটি শিশু নিবাস থেকে নাবালিকারা কীভাবে বাইরে যেতে পারল। নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।উল্লেখ্য, অতীতেও শহরের বিভিন্ন শিশু নিবাস থেকে নাবালক-নাবালিকাদের বেরিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে।ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগরতলার চিলড্রেন হোম থেকে নাবালিকাদের পালানোর ঘটনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
