উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় ড্রেনের ভিতর থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মধ্যে।মৃত বৃদ্ধার নাম রানু বালা সাহা (৭০)। তিনি রাজারবাগ সুকান্তপল্লী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে জঙ্গল সংলগ্ন একটি ড্রেনের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।স্থানীয়দের দাবি, রানু বালা সাহা প্রায় প্রতিদিনই ওই এলাকায় লতি সংগ্রহ করতে যেতেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও কারণে তিনি ড্রেনে পড়ে গিয়ে মৃত্যুর শিকার হতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেয়। পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ এর পিছনে রয়েছে, তা জানতে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা।ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
উদয়পুরে চাঞ্চল্য! ড্রেন থেকে উদ্ধার ৭০ বছরের বৃদ্ধার নিথর দেহ
