উদয়পুর, ৪ আগস্ট: উদয়পুর শহরে বসতবাড়িতে চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অল্প দূরত্বে এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি উদয়পুর পৌর পরিষদের মহাদেব দিঘীর পূর্ব পাড় এলাকায়।জানা গেছে, বাড়ির মালিক শিক্ষক বিপ্লব সাহা সোমবার বিকেলে পরিবারকে নিয়ে অমরপুরে তাঁদের পুরনো বাড়িতে যান। সেই সুযোগে রাতে বাড়ি ফাঁকা পেয়ে চোরের দল মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি গোদ্রেজ আলমারিসহ একাধিক আলমারি ভেঙে তছনছ চালিয়ে নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং আনুমানিক ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।মঙ্গলবার সকালে বিপ্লব সাহার ভাই পার্থপ্রতিম সাহা বাড়িতে এসে চুরির বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পরিবারকে খবর দেন। পরে বিপ্লব সাহা বাড়িতে ফিরে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, রাধাকিশোরপুর থানা এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের গ্রেফতার বা অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।বিশেষ করে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে মাত্র প্রায় ১০০ মিটার দূরে এমন বড়সড় চুরির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতার করার পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক। বর্তমানে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে রাধাকিশোরপুর থানার পুলিশ।
এসপি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, উধাও নগদ ও স্বর্ণালংকার
