সোনামুড়া, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ করে ভিডিও ধারণ এবং পরে অর্থ আদায়ের চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন সোনামুড়ার তামসাবাড়ি এলাকার বাসিন্দারা। অভিযুক্তের নাম মফিজ মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, তামসাবাড়ি এলাকার একটি বেকারি কারখানায় মালিকের অনুপস্থিতিতে মফিজ মিয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশ করেন। তিনি কারখানার ভেতরে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন এবং কর্মীদের কাছে পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে তিনি কারখানার মালিকের সঙ্গে দেখা করার কথা বলেন।কারখানার মালিক ফোনে যোগাযোগ করলে অভিযুক্তকে কারখানার সামনে আসতে বলা হয়। এসময় বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। তাঁরা অভিযুক্তের কাছে সাংবাদিকতার পরিচয়পত্র এবং কোন সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন, সে বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। অভিযোগ, তাঁর কাছে কোনো বৈধ সাংবাদিক পরিচয়পত্রও পাওয়া যায়নি।এরপর এলাকাবাসী সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।কারখানার মালিকের দাবি, তাঁদের প্রতিষ্ঠানে যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা হয় এবং খাদ্যের মান নিয়েও কোনো সরকারি অভিযোগ নেই। তাঁর অভিযোগ, সাংবাদিক পরিচয়ের আড়ালে তাঁকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছিল।এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এ ধরনের ঘটনায় প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা দাবি করেছেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ! সোনামুড়ায় আটক যুবক, পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী
