কামালঘাট: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে লেফুঙ্গা থানাধীন আগরতলা–খোয়াই ১০৮(বি) জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওভারটেক করার সময় একটি কুইজার গাড়ি মিনা রাণী ঘোষ নামে প্রায় ৬৫ বছর বয়সি এক মহিলাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা ওই মহিলাকে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর আবারও কামালঘাট এলাকায় জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি পলাতক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
