Headlines

কর্মসংস্থান, ১০০ ইউনিট ফ্রি বিদ্যুৎসহ ১০ দফা দাবিতে সোনামুড়ায় গণ-অবস্থানে তপশিলি জাতি সমন্বয় সমিতি

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি: বেকারদের কর্মসংস্থান, ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে সিপাহীজলা জেলার সোনামুড়ায় গণ-অবস্থান কর্মসূচি পালন করল সিপিআই(এম) সমর্থিত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। শনিবার রবীন্দ্র চৌমুহনী এলাকায় সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজ্যের বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা নিশ্চিত করা, তপশিলি জাতিভুক্তদের সরকারি চাকরিতে বিশেষ সুবিধা প্রদান এবং জনগণনার কাজ দ্রুত সম্পন্ন করা।গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস। তিনি বক্তব্যে অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। তাঁর দাবি, কর্মসংস্থানের অভাবে বেকার যুবক-যুবতীরা চরম সমস্যায় পড়েছেন এবং গ্রামীণ অর্থনীতিও দুর্বল হয়ে পড়েছে।এছাড়াও তিনি রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপরাধ দমনে সরকারের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানান।এদিনের কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত থেকে বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন এবং দ্রুত দাবিগুলি বাস্তবায়নের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *