Headlines

পিকে চক্রবর্তীর নিয়োগ থেকে নিট-কুয়েট ইস্যু—সরকারকে একযোগে নিশানা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক নিয়োগ, নির্বাচন কমিশনের দায়িত্ব, আইন-শৃঙ্খলা, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ইস্যু এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন।পিকে চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিয়োগের প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, এই নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর দাবি, একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে এমন ব্যক্তিকে নিয়োগ করা উচিত, যাঁর প্রতি সব রাজনৈতিক দলের আস্থা থাকবে। তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে।স্টেট ইলেকশন কমিশনার নিয়োগ প্রসঙ্গেও তিনি সরকারের সমালোচনা করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন।সাংবাদিক সম্মেলনে তিনি সাম্প্রতিক বিভিন্ন সর্বভারতীয় ভর্তি পরীক্ষা, বিশেষ করে NEET ও CUET-সংক্রান্ত বিতর্ক এবং শিক্ষার্থীদের উদ্বেগের প্রসঙ্গও তোলেন। পাশাপাশি সামাজিক কর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্র সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং জানান, এই ইস্যুতে আগামী ২০ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন।রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা। তিনি সাম্প্রতিক পুলিশ প্রশাসন-সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এসব ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়াও খোয়াই-আগরতলা সড়কসহ রাজ্যের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন জিতেন্দ্র চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *