Headlines

কাঠালতলীতে গভীর রাতে নৃশংস খুন! পূর্ব শত্রুতার জেরে প্রাণ গেল যুবকের, চাঞ্চল্য এলাকাজুড়ে

পূর্ব শত্রুতার জেরে আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় এক বিবাহিত যুবককে নৃশংসভাবে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম সমীর দাস। সোমবার গভীর রাতে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, সমীর দাসের সঙ্গে একই এলাকার স্বপন সূত্রধর ওরফে ‘সপ্পা’-র দীর্ঘদিনের বিবাদ চলছিল। অভিযোগ, সোমবার গভীর রাতে সমীর দাস নিজের স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে কাঠালতলী শনি মন্দির সংলগ্ন এলাকায় অভিযুক্ত স্বপন সূত্রধর তার পথরোধ করে। এরপর স্কুটি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সমীর দাস।ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় সমীর দাসের দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় আমতলী থানায়।খবর পেয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি ফরেনসিক টিম ও ডগ স্কোয়াডকেও ঘটনাস্থলে ডাকা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্তে নেমেছেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মঙ্গলবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বপন সূত্রধর পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। নিহত সমীর দাসের পরিবার অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *