খোয়াইয়ের গনকি করইতলা এলাকায় ফের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। সোমবার দুপুরে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, দুইজন একটি বাইকে করে খোয়াইয়ের দিকে আসছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি বাইক তাদের বাইকে ধাক্কা দিলে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।দুর্ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত খোয়াই দমকল দফতরে খবর দেন। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের নাম রমণী দেববর্মা ও উকেন্দ্র দেববর্মা। বর্তমানে দু’জনেরই হাসপাতালে চিকিৎসা চলছে।দমকলকর্মীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজনের পায়ের একটি আঙুল ভেঙে গেছে।এদিকে, খোয়াইয়ে একের পর এক সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। বেপরোয়া গতি ও অসতর্কভাবে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
খোয়াইয়ে ফের সড়ক দুর্ঘটনা, আহত দুই বাইক আরোহী
