ফটিকরায় বিধানসভা এলাকার ডেমডুমে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বৃহস্পতিবার একটি মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পান্থ দেববর্মা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরেই ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন ট্রাকচালক লিটন কর।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা ঘটনাস্থলে জড়ো হয়। অভিযোগ, তারা ট্রাকচালক লিটন করকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। শুধু তাই নয়, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দুর্ঘটনাগ্রস্ত মালবাহী ট্রাকটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও টিএসআর বাহিনী। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং গুরুতর আহত ট্রাকচালককে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, লিটন করের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনা-পরবর্তী সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়াও চলছে।
গণরোষে ট্রাকচালককে বেধড়ক মারধর, জ্বালিয়ে দেওয়া হল ট্রাক! গুরুতর অবস্থায় হাসপাতালে লিটন কর
