অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ত্রিপুরা প্রান্তের উদ্যোগে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নয়াদিল্লিভিত্তিক অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক অরবিন্দ মাহাতো।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক মাহাতো জানান, ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের চাকরির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ‘শিক্ষক যোগ্যতা পরীক্ষা’ (TET)-এ উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ ও জীবিকার বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের কাছে মানবিক হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।তিনি বলেন, বহু শিক্ষক বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করে আসছেন। তাই শুধুমাত্র আইনি ব্যাখ্যার ভিত্তিতে তাঁদের চাকরির নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে উপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন।অধ্যাপক মাহাতো আরও জানান, আগামী ১৮ জুন ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের (DM) মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে। ওই স্মারকলিপিতে সুপ্রিম কোর্টের রায় সংশ্লিষ্ট বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানানো হবে এবং দীর্ঘদিন কর্মরত শিক্ষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হবে।সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, কেন্দ্র সরকার বিষয়টির সংবেদনশীলতা উপলব্ধি করে শিক্ষকদের স্বার্থে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করবে।
TET ইস্যুতে মানবিক হস্তক্ষেপের দাবি! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেবে শৈক্ষিক মহাসংঘ
