কলেজে যাতায়াতের বাসভাড়া অর্ধেক করার দাবিতে সরব হলেন চড়িলামের কলেজ ছাত্রছাত্রীরা। শুক্রবার সকালে চড়িলাম বাজার বাসস্ট্যান্ডে জাতীয় সড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে নিজেদের দাবি তুলে ধরেন তারা।জানা গেছে, আন্দোলনরত ছাত্রছাত্রীরা সবাই রামঠাকুর কলেজের শিক্ষার্থী। এদিন তাদের পরীক্ষা থাকলেও দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে বাসভাড়া কমানোর দাবি জানান তারা।ছাত্রছাত্রীদের অভিযোগ, চড়িলাম থেকে রামঠাকুর কলেজে যাওয়ার জন্য সরকারি নির্ধারিত বাসভাড়া ২৩ টাকা হলেও অধিকাংশ ক্ষেত্রেই খুচরো টাকার অজুহাতে তাদের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়। দুই টাকা বা পাঁচ টাকা ফেরত না দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।তাদের দাবি, প্রতিদিন কলেজে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হওয়ায় আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে বহু শিক্ষার্থীকে। তাই শিক্ষার্থীদের স্বার্থে কলেজগামী ছাত্রছাত্রীদের জন্য বাসভাড়া অর্ধেক করা হোক এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তারা।শিক্ষার্থীদের বক্তব্য, শিক্ষা অর্জনের পথে আর্থিক বাধা তৈরি হওয়া উচিত নয়। সরকারের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেই তারা আশাবাদী।
‘ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া চাই’— বাসভাড়া কমানোর দাবিতে সরব চড়িলামের কলেজ পড়ুয়ারা
